বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রিউমাটোলজি নার্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‘রিউমাটোলজি নার্সিং’ বিষয়ক দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
বিএসএমএমইউর রিউমাটোলজি বিভাগ ও বাংলাদেশ রিউমাটোলজিস্টস সোসাইটির উদ্যোগে ‘দি এশিয়া প্যাসেফিক ইনিশিয়েটিভ ফর রিউমাটোলজি নার্স এডুকেশন’ কর্মসূচির অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এশিয়া প্যাসিফিক লিগ অফ অ্যাসোসিয়েশন্স অফ রিউমাটোলজি সোসাইটির সভাপতি (ইলেক্ট) এবং বাংলাদেশ রিউমাটোলজিস্টস সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিমা চৌধুরী, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, বিএসএমএমইউর সেবা তত্ত্বাবধায়ক সান্ত্বনা রাণী দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রিউমাটোলজিস্টস সোসাইটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আবু শাহীন। প্রশিক্ষক ও ফরেন ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সুসান ওলিভার। কর্মশালায় বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৪৪ জন নার্স অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে আইসিইউ, সিসিইউতে প্রশিক্ষণরত স্পেশাল নার্স থাকলেও রিউমাটোলজি রোগীদের সেবা প্রদানের জন্য স্পেশাল নার্স নেই। রিউমাটোলজি নার্সিং কর্মশালা নার্সদের রোগীদের সঙ্গে আরও ভালো ব্যবহার ও আন্তরিকভাবে সেবা প্রদান করতে, নিবিড় যোগাযোগ রাখতে এবং রিউমাটো আর্থাটিস রোগ সম্পর্কে রোগীদের বুঝানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। সেবা প্রদানের ক্ষেত্রে নার্সদের দক্ষতা বৃদ্ধিতে, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং নার্সিং প্রশিক্ষণের ক্ষেত্রে এই কর্মশালা একটি নতুন সংযোজন ও মাইলফলক হয়ে থাকবে।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ ছাড়াও ইতোমধ্যে ভারত, জাপান, হংকং, কোরিয়াতে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে।








