পচা, বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে রাজধানীর ধানমন্ডিতে চারটি রেস্টুরেন্টকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ জুন) বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডির শংঙ্কর বাসস্ট্যান্ডের আশপাশে এই অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্ত চার রেস্টুরেন্ট হলো– গ্লোরিয়া জিনস কফিস, দিল্লি দরবার রেস্টুরেন্ট, রাইস অ্যান্ড নুডুলস রেস্টুরেন্ট ও খুশবো রেস্টুরেন্ট। এরমধ্যে গ্লোরিয়া জিনস কফিসকে তিন লাখ টাকা, দিল্লি দরবার রেস্টুরেন্টকে দুই লাখ টাকা, রাইস অ্যান্ড নুডুলস রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং খুশবো রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব রেস্টুরেন্টে পচা, বাসি, মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ করা ছিল। এছাড়া একটি রেস্টুরেন্ট তার কিছু পণ্যে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করেছে।’
তিনি আরও বলেন, ‘গ্লোরিয়া জিনস কফিস রেস্টুরেন্টকে সয়া সর্স, ভিনেগার, ব্রাউন সুগারসহ কয়েকটি পণ্যে বিএসটিআইর নকল লোগো ব্যবহারের দায়ে দেড় লাখ টাকা ও মেয়াদ উত্তীর্ণসহ কিছু পণ্যে ছত্রাক পাওয়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘রাইস অ্যান্ড নুডুলস রেস্টুরেন্টকে পচা ও বাসি খাবার রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দিল্লি দরবারকে দুর্গন্ধযুক্ত খাবার রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খুশবু রেস্টুরেন্টকে পচা ও বাসি খাবার বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদের সতর্ক করেছি। পরবর্তী সময়ে এসব অনিয়ম পাওয়া গেলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে।’








