রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন কনকর্ড টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন মো. মনিরুল (৪০) ও মোকলেছ (৩০)।
এছাড়া, আহত আরেক শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে।
ওই ভবনের নির্মাণকাজের সুপারভাইজার জামাল হোসেন জানান, ধানমন্ডি ৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে কনকর্ড টাওয়ারের ১৩ তলার ভবনের বাইরে মাচা বেঁধে ৩ শ্রমিক কাজ করছিলেন। বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে মাচা ভেঙে তারা নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে পাশেই স্থানীয় হাসপাতাল নিয়ে যান।
সেখান থেকে দুজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বিকাল সোয়া ৫টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।








