দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী শাহজাহান বাচ্চুর নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১২ জুন) আসক’র নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর বিবৃতিতে বলা হয়, সোমবার (১১ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি গ্রামে নিজ বাড়ির পাঁচশ’ গজ দূরে শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় বোমা ফাটিয়েও আতঙ্ক সৃষ্টি করে তারা। গুলির ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, ভিন্নমত চর্চার কারণে তিনি এ হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। ২০১৫ সাল থেকেই ভিন্নমত চর্চা ও প্রকাশের কারণে ধর্মীয় উগ্রবাদীদের কাছ থেকে বিভিন্ন সময়ে হুমকি পাচ্ছিলেন তিনি। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়- আসক মনে করে, লেখক প্রকাশকদের পূর্ববর্তী হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায় ধর্মীয় উগ্রপন্থীরা আরও বেপরোয়া হচ্ছে। আসক এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। পাশাপাশি,ভিন্নমতাবলম্বী নাগরিকের মত প্রকাশের সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছে।








