নতুন রেকর্ড গড়ার দাবি করেছে রোটারি ইন্টারন্যাশনাল। ক্লাবটির দাবি, গত ১২ মাসে ক্লাবের ১৩ জন সদস্য ২ কোটি টাকা করে ডোনেশন দিয়েছেন। গত ৮১ বছরে যা ছিল মাত্র একজন। শনিবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর এফএইচ আরিফ।
‘রোটারি ইন্টারন্যাশল বাংলাদেশ জেলা ৩২৮১’ এর ২০১৮-১৯ বছর শুরু উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
গভর্নর এফএইচ আরিফ বলেন, ‘২০১৭-১৮ বছরে আমরা অনেক রেকর্ড করেছি। গত ১২ মাসে ১৩ জন ২ কোটি টাকা করে ডোনেশন দিয়েছেন। বিগত ৮১ বছরে যা ছিল, মাত্র একজন। আড়াই লাখ ডলার বা ২ কোটি টাকা দেওয়া এত সহজ নয়। ১৯৮৫ সালে আমরাই প্রথম দেশে পোলিও দূর করতে পদক্ষেপ নেই। দেশে পোলিও দূর করতে গত বছর পর্যন্ত আমরা ১৫ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছি। বিশ্বের কোনও দেশে এক প্রকল্পে এত বড় অঙ্কের সহায়তা দেওয়ার নজির নেই।’ তিনি জানান, এছাড়াও বিভিন্ন ক্লাবের আওতায় আমাদের কিছু অ্যাম্বুলেন্স আছে। যে কোনও সময়ে, যে কেউ নামমাত্র খরচে এই অ্যাম্বুলেন্স সহায়তা নিতে পারেন।
রোটারি ইন্টারন্যাশনাল শতভাগ গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিবারই নির্বাচন হয়। তবে এই নির্বাচনে নির্বাচনি প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।’
রোটারি ইন্টারন্যাশনালের নতুন নির্বাচিত গভর্নর এ এফ এম আলমগীর বলেন, ‘নতুন বছরে আমরা অবহেলিতদের জন্য কাজ করে যাবো। নিরক্ষরতা দূর করা, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবেশ উন্নয়নসহ নানা কর্মসূচির মাধ্যমে আমাদের কার্মকাণ্ড আরও জোরদার করা হবে।’
তিনি বলেন, ‘আমরা পল্লির দরিদ্রদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে ডিপ কল দিয়ে থাকি। এটা আমাদের একটি কর্মকাণ্ড। আমরা মা ও শিশুদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকি। নতুন বছরে আমরা শিক্ষার ওপর জোর দেব।’
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ২০১৮-১৯ বছরের জন্য নির্বাচিত গভর্নর এ এফ এম আলমগীর, সাবেক গভর্নর কে এম জয়নুল আবেদিন, এ কে এম শামছুল হুদা, কনফারেন্স চেয়ারম্যান মনসুর আলম, ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী ও তোফাজ্জেল পাটোয়ারী, সেক্রেটারি শহিদুল বারি প্রমুখ।








