রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে পড়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম মো. রফিকুল ইসলাম (৬০)। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, রবিবার সকালে বিমানবন্দর রেলস্টেশন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ময়মনসিংহগামী ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। বিকালে নিহত রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন সুমন মর্গে এসে মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি গাজীপুরে একটি বাইং হাউসে চাকরি করতেন। সকালে রমনার মধুবাগ শান্তিনগরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মর্গে এসে বাবার লাশ পাই।
নিহত রফিকুলের নিকটাত্মীয় রাশিদা জানান, তিনি গাজীপুরে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে বাসে করে বিমানবন্দর পর্যন্ত যান। সেখান থেকে রেলস্টেশনে গিয়ে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনা ঘটে বলে শুনেছি।
রফিকুল ইসলাম গাইবান্ধার সাঘাটা থানার বোনারপাড়ার শিমুলতাইড় গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।








