হাইকোর্টের বিচারপতি এ এফ এম আবদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৪ জুলাই) বিকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিদের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। দীর্ঘ ১৫ বছরের বিচারিক কর্মজীবন শেষে বুধবার ছিল তার শেষ কর্মদিবস।
এর আগে সংশ্লিষ্ট এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বিচারপতি আবদুর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জবাবে বিদায়ী বিচারপতি বলেন, ‘এই অঙ্গনে আমি ১৫ বছর ধরে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার। অবসরে গিয়েও যেন আইন জগতে অবদান রাখতে পারি, সেই দোয়া আপনাদের কাছে প্রত্যাশা করি।’
এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সাবেক সভাপতি হাফিজ উল্লাহ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০০ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তাকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।








