ফুটবল বিশ্বের অন্যতম দুই শীর্ষ দল ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে পক্ষ-বিপক্ষের জায়গাটা বাংলাদেশে খুব ইউনিক বলে অভিমত দিয়েছেন দৈনিক কালের কণ্ঠের ডেপুটি এডিটর মোস্তফা মামুন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘ফুটবল-ফুটবল’ শীর্ষক বৈঠকিতে তিনি এ অভিমত দেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয়েছে এ বৈঠকি। রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে ব্সেরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মোস্তফা মামুন বলেন, ‘বাংলাদেশের ক্রেজ অন্যরকম। আমাদের দেশের ফুটবলের অবস্থা দর্শকের চেয়ে পুলিশ বেশি থাকে। আমাদের ফুটবলের প্রতি ভালোবাসার জায়গা আমরা দেখাতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা যে অন্য দেশ নিয়ে মারামারি করতে পারি— এই বিষয়টি অনেক ইউনিক। ব্রাজিল-আর্জেন্টিনা অনেক দূরের দেশ। খেলার আনন্দকে আমরা তিক্ততায় নিয়ে যাই। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে এই পক্ষ-বিপক্ষের জায়গাটা বাংলাদেশে খুব ইউনিক। আর্জেন্টিনাকে নিচু দেখাতে গিয়ে মেসির খেলাটা কেউ দেখে না।’
বিশিষ্ট এই ক্রীড়া সাংবাদিক বলেন, ‘খেলা এমন একটা জিনিস বুঝেও দেখতে পারেন, না বুঝেও দেখতে পারেন। আমরা এমন জায়গায় নিয়ে যাচ্ছি, ফুটবল উপভোগ করতে পারছি না।’








