হাসপাতালের বাইরে প্রসবের পর শিশুর মৃত্যু: হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৯:৪৬আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৯:৫৪

হাইকোর্ট

চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীকে তাড়িয়ে দেওয়া এবং পরক্ষণেই হাসপাতালের বাইরে বাচ্চা প্রসব ও কিছু পরেই সেই নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে ওই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়াও ওইদিন দায়িত্বরত অভিযুক্ত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র নার্স ছায়া চৌধুরীকে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুলাই) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে, লোহাগাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান ও নার্স ছায়া চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমিরুল হক।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বাংলা ট্রিবিউনকে বলেন, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পুঁটিবিলা গৌড়স্থান এলাকার দিনমজুর মহররম মিয়ার স্ত্রী মরিয়ম বেগম গত ৯ মে প্রসব ব্যথা নিয়ে চিকিৎসার জন্য চট্টগ্রামের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ও নার্স ছায়া চৌধুরী চিকিৎসা না দিয়ে মরিয়ম বেগমকে বের করে দেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে সন্তান প্রসব করার কিছুক্ষণের মধ্যেই নবজাতকের মৃত্যু হয়। এরপর ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

প্রকাশিত ওই সব প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী।

মনজিল মোরসেদ আরও জানান, ওই ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একজন প্রতিনিধি, চট্টগ্রামের সিভিল সার্জন, লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন অধ্যাপককে নিয়ে ৫ সদস্যের কমিটি গঠন করে তাদেরকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তদন্তকালে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে। কিন্তু বুধবার (২৫ জুলাই) সে প্রতিবেদন আদালতে না এলে পুনরায় প্রতিবেদন দাখিলে সময় দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, এর আগে গত ১১ জুন আদালত ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করে ঘটনার ব্যাখ্যা জানতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র নার্স ছায়া চৌধুরীকে তলব করেছিলেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে তারা হাজির হয়ে গত ৮ জুলাই আইনজীবীর মাধ্যমে আদালতে ব্যাখ্যা দাখিল করেন।

এছাড়াও ভুক্তভোগী মরিয়ম বেগমকে চিকিৎসা দিতে হাসপাতালের ব্যার্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পাশাপাশি নবজাতকের জীবন রক্ষায় হাসপাতালের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদেরকে মৃত নবজাতকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছিল।

চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট মোট ৯ জনকে এ রুলের জবাব দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম