রাজধানীর আশকোনাতে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ) এ দিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানে আশকোনা এলাকার ‘সূর্য ভিলা’ নামের একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টি ফোর’ নামে অভিযান চালায় পুলিশের সিটিটিসিইউ। এ ঘটনায় দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পণ করে।
ঘটনার পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো— জেবুন্নাহার শিলা, তৃষা মণি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজ।








