রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩১ জুলাই) পর্যন্ত তিন সিটিতেই বিজিবি মোতায়েন থাকবে। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলা ট্রিবিউনকে এক বার্তায় এই তথ্য জানান।
তিনি জানান, আগামী ৩০ জুলাই ২০১৮ তারিখে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে ১৫ প্লাটুন, বরিশাল সিটি করপোরেশন (বিসিক) নির্বাচন উপলক্ষে ১৫ প্লাটুন এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে ১৪ প্লাটুনসহ মোট ৪৪ প্লাটুন বিজিবি তিন সিটি করপোরেশনের নির্বাচনি এলাকায় আজ ২৮ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত মোতায়েন করা হয়েছে।
এছাড়া তিন সিটি করপোরেশনের প্রত্যেক নির্বাচনি এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরও বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।








