বকেয়া থাকা হোল্ডিং ট্যাক্সের ৭৫ ভাগ জমা দেওয়ার শর্তে ইউনাইটেড হাসপাতাল লিমিটেডকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিভাগীয় কমিশনারের কাছে আপিল দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩০ জুলাই) প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আদেশটি দেন।
আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী তানজীব-উল আলম।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ২০০৬ সালে ইউনাইটেড হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই সিটি করপোরেশনের হোল্ডিংস ট্যাক্স না দিয়ে বকেয়া রাখে। এ হোল্ডিং ট্যাক্স আদায়ে সিটি করপোরেশন থেকে বারবার তাগাদা দেওয়ার পরও তা পরিশোধের পরিবর্তে হাইকোর্টে রিট দায়ের করে তারা। রিটের শুনানি শেষে স্কয়ার হাসপাতালের সঙ্গে সামঞ্জস্য রেখে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের নির্দেশ শুনিয়ে গত ১০ এপ্রিল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
সোমবার এই আইনজীবী আরও বলেন, ‘হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আমরা সিটি করপোরেশনের পক্ষে আপিল দায়ের করি। চেম্বার আদালত আপিল আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করে তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগে শুনানি হয়।’
শুনানি শেষে ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বকেয়া থাকা হোল্ডিংস ট্যাক্সের ৭৫ ভাগ জমা দিয়ে বিভাগীয় কমিশনারের কাছে যথাযথ আইনি প্রক্রিয়ায় আপিল করার নির্দেশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।
১৯৮৪ সালের ৭ (১৩) বিধি অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভাগীয় কমিশনারের কাছে আপিল দায়ের করতে পারেন। কিন্তু ইউনাইটেড হাসাপাতাল কর্তৃপক্ষ তা না মেনে হাইকোর্টে রিট দায়ের করে। এতে আইনের লঙ্ঘন ঘটে।








