বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা গোটা এশিয়া অঞ্চলে উদাহরণ সৃষ্টি করেছে বলে দাবি করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশাসন, ব্যবসা, খেলাধুলা –সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। সুতরাং নারীদের নিজেদের স্বার্থরক্ষায় এ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’
বুধবার (১ আগস্ট) সকালে রাজধানীর মিন্টু রোডে নিজ বাসভবনে রমনা থানা মহিলা আওয়ামী লীগের সবজীবাগান ইউনিটের কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে নারী নীতির বিরুদ্ধে মৌলবাদীরা অবস্থান নিয়েছিল। এসব বাধা ডিঙ্গিয়েই নারীর অগ্রযাত্রার পথ উন্মুক্ত করা হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তার অবদান কেবল দেশেই নয়, গোটা বিশ্বে প্রশংসিত।’
আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘এদেশের ভোটারের প্রায় অর্ধেক নারী। নির্বাচনে নারীর ভোট খুবই গুরুত্বপূর্ণ। অতীতে দেখা গেছে, নারীদের বিভ্রান্ত করার জন্য মিথ্যা ভিডিও দেখিয়েছে জামায়াত, মিথ্যা তথ্য দিয়ে নানা প্রচারণা চালিয়েছে। এবারও তার বিপরীত কিছু হবে না। এ কারণে এবার সরকারের উন্নয়ন কার্যক্রম মেয়েদের কাছে তুলে ধরতে হবে আমাদের। এ জন্য এখনই প্রস্তুত হতে হবে।’
রাজধানীর মিন্টু রোডস্থ সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমনা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ পারভীন শিমু। এ ছাড়া আরও বক্তব্য রাখেন রমনা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহের নিগার তন্ময় প্রমুখ।








