দেশের বিভিন্ন জেলার ১৯০ জন শিক্ষককে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধায় আনার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার (৫ জুলাই) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল আল আমিন সরকার।
পরে ছিদ্দিক উল্যাহ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন জেলার ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে এমপিও সুবিধা পাচ্ছেন। কিন্তু রিটকারী ১৯০ জন শিক্ষক ডিগ্রি শাখার তৃতীয় কোটায় নিয়োগ পেলেও এমপিও সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। তাই এর প্রতিকারে তারা হাইকোর্টে রিট দায়ের করেন, যার রায়ে তাদের এমপিও সুবিধায় আনার নির্দেশনা দিয়েছেন আদালত। এতে এই ১৯০ জন শিক্ষকের এমপিও সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকলো না।’
রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার ডিগ্রি কলেজের প্রভাষক মো. আরিফুজ্জামান, মো. আব্দুল হান্নান. মোসা. মনিরা খাতুন, মো. আফজাল হোসেনসহ বিভিন্ন কলেজের মোট ১৯০ জন শিক্ষক ওই রিট আবেদন করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত তাদের এমপিও সুবিধা দিতে রায় ঘোষণা করেন।








