নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘গণপরিবহনের চালকদের নিয়োগপত্র নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। দীর্ঘদিন ধরে বাজে সিস্টেম চলে আসছে। কিছু গাড়ি আছে যেসব গাড়ির চালকরা একটানা ১৫ দিন বাস চালায়। এরপর ৫ থেকে ৬ দিন বিশ্রাম নেয়। এটাতে বাধা দেওয়ার কেউ নেই।’
তিনি বলেন, ‘ধাক্কা দিতে না পারলে কেউ আপনার কথা শুনবে না। আজকে আমাদের সন্তান ধাক্কাটা দিচ্ছে। আমরা এতদিন যে আন্দোলন করে আসছি, সেটি বাস্তবায়ন করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এ কারণে যানজট নিয়ে আমার কোনও দুঃখবোধ নেই। আমি আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমি যখন ক্যান্টনমেন্ট দিয়ে চলি, তখন দেখি সেখানে কত সুন্দরভাবে গাড়ি চলে। সবাই নিয়ম মেনে চলে। আমি ভাবতাম আর্মিরা যদি রাস্তার দায়িত্ব নিতো। আমাদের ছেলেমেয়েরা দায়িত্ব নিয়েছে। তারা সবকিছু ঠিক করে নিয়েছে।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘নিরাপদ রাস্তা, নির্লিপ্ত আইন’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এ বৈঠকি। ইলিয়াস কাঞ্চন বলেন, আইন অনুযায়ী ‘কোন গাড়ি দুর্ঘটনা ঘটালে গাড়ি ও গাড়ির চালককে আটক করা হবে। এটি নতুন করে বলার কিছু নেই, আইনে আছে এটি। নিয়োগপত্র নিয়ে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। দীর্ঘদিন ধরে বাজে সিস্টেম চলে আসছে। কিছু গাড়ি আছে যেসব গাড়িচালকরা একটানা ১৫ দিন গাড়ি চালায়। এরপর ৫ থেকে ৬ দিন বিশ্রাম নেয়। এটাতে বাধা দেওয়ার কেউ নেই।’
তিনি বলেন, জাবালে নূর এর আগেও দুর্ঘটনা ঘটিয়েছে। কিন্তু কী রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? আবার দুর্ঘটনা ঘটলো। যে ব্যানারে গাড়ি নেমেছে তারা কি ব্যবস্থাপনায় ব্যর্থ?
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি। মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন, বিআরটিএ’র সচিব মোহাম্মদ শওকত আলী, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।








