রাজধানীর খিলগাঁওয়ে আনসার-ভিডিপির অবৈধ দখলে থাকা শিশুপার্ক আগামী ৯০ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক বছরের মধ্যে দুই বিঘা জমির ওপর থাকা পার্কটি আধুনিক শিশুপার্ক হিসেবে গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন আদালত।
এ-সংক্রান্ত এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আনসার ভিডিপি কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষের শুনানি করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
পরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘১৯৮৭ সালে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে খিলগাঁওয়ের ওই শিশুপার্ক লিজ নেয়। ১৯৯৬ সালে সেই লিজ বাতিল করা হয়। এরপর ২০০০ সালে সবুজমতি ট্রাস্টের নামে আবারও লিজ দেওয়া হয়। পরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে লিজও বাতিল করা হয়। তবে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ ক্ষমতার জোরে ওই পার্কটি দখলে নেয়। এরপর ওই বছরেই ১৯৯৬ সালের লিজ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে আনসার কর্তৃপক্ষ।’
রিজওয়ানা হাসান জানান, ২০০৮ সালে বেলা পার্কটি অবৈধ দখলমুক্ত করার দাবিতে রিট করে। সেই রিটের শুনানি নিয়ে আনসার কর্তৃপক্ষের আবেদন খারিজ করে পার্কটি ৯০ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।








