বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ নয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ আগস্ট) দুদক থেকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) দেওয়া চিঠিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনে তাদের সম্পর্কে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মোসাদ্দেক আলী ফালু ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ও পরিচয় জানতে চাওয়া বাকিরা হলেন এস এ কে একরামুজ্জামান, কামার উজ জামান, মোহাম্মদ আমির হোসেন, সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, এম এ মালেক, আশফাক উদ্দিন আহমেদ, মাকসুদুল করিম ও শায়লিন জামান আকবর।
দুদক সূত্রে জানা গেছে, দুবাইয়ে পাচার করে অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ, দুবাইয়ে আরও শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এই নয়জনের বিরুদ্ধে।








