নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক সমিতি( ডুটা)। বৃহস্পতিবার (২ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সমর্থনের কথা জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা সড়ক ব্যবস্থাপনার বিশৃঙ্খলাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা তাদের নিরাপদ সড়ক বাস্তবায়নের সকল দাবি ন্যায্য বলে মনে করি এবং এই সকল দাবিসমূহ মেনে নিয়ে তা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানাই।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, সড়ক দুর্ঘটনা একটি মানবসৃষ্ট দুর্যোগে পরিণত হয়েছে। কিছুদিন পূর্বে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে দুটি বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীবের এক হাত বিচ্ছিন্ন এবং পরে তার মৃত্যু হয়। এ ছাড়াও প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় কোনো না কোনো হতাহতের ঘটনা ঘটছে।’ দুর্ঘটনার জন্য পরিবহণ খাতের দীর্ঘদিনের অরাজকতা, চাঁদাবাজি, ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষক সমিতি।
প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভারের মুখে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। একই ঘটনায় গুরুতর আহত হয় আরও আট শিক্ষার্থী। এরপর রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা মহানগরীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের জন্য টানা আন্দোলন শুরু করে, যা বৃহস্পতিবারও অব্যাহত ছিল।








