তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমের জরুরি চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন তার স্ত্রী নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ। বুধবার (২২ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি।
রেহনুমা আহমেদ ও শহিদুল আলমের সহকর্মী সায়দিয়া গুলরুখের সই করা বিবৃতিতে বলা হয়, ‘বুধবার ঈদের দিন কেরানীগঞ্জ কারাগারে ড. শহিদুল আলমকে দেখতে গিয়েছিলাম। দশ দিন হলো তিনি কারাগারে বন্দি। ছয় দিন রিমান্ড শেষে ১২ আগস্ট ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করার পর তাকে কারাগারে নেওয়া হয়। শহিদুল আলম আমাদের জানান, তার শ্বাসকষ্ট, চোয়াল ও মাড়িতে ব্যথা এবং চোখের দৃষ্টিশক্তিতেও সমস্যা হচ্ছে।’
বিবৃতিতে দাবি করা হয়, গত ৫ আগস্ট পুলিশ বাড়ি থেকে তুলে নেওয়ার আগ পর্যন্ত শহিদুলের এ রকম স্বাস্থ্যজনিত সমস্যা ছিল না।
সরকার ও নির্দিষ্টভাবে জেল কর্তৃপক্ষের কাছে শহিদুলকে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হাসপাতালে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে বিবৃতিতে।








