যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধাসহ বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা পৃথক সাত মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৬ আগস্ট) শাহবাগ থানার পৃথক দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ। বংশাল থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই। মতিঝিল থানার পৃথক তিন মামলায় একদিন করে মোট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হক। এ ছাড়া শাহজাহানপুর থানার মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন একই বিচারক।
টুকুর আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
এদিন সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে শুানানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারকরা বিভিন্ন মেয়াদে রিমান্ডের এ আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হওয়ায় তার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মানববন্ধন শেষে দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে, পুলিশের কাজে বাধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে। এসব ঘটনায় রাজধানী বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
গত ১২ জুন রাতে টুকুকে রাজধানীর উত্তরা বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।








