নতুন বউয়ের ভরণপোষণের জন্য প্রতিবেশীর শিশুকে অপহরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ২৩:৩৯আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১০:১৮

বাবার কোলে শিশু সিমন বাবা মায়ের অমতে বিয়ে করায় বাড়ি থেকে বের করে দেওয়া হয় হবিগঞ্জের তরুণ মো. রোমানকে। এরপর ঢাকায় থাকা বন্ধু-বান্ধবের সহযোগিতায় তেজগাঁওয়ের পূর্ব নাখাল পাড়ার একটি ভাড়া বাসায় ওঠে নবদম্পতি রোমান ও মীম আক্তার রিয়া। কিন্তু তাদের অর্থকষ্ট চলছিল। এ পর্যায়ে রোমান নতুন বউয়ের খরচ চালাতে প্রতিবেশীর শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায় করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। তবে পুলিশি তৎপরতায় তার সব পরিকল্পনা ভেস্তে যায়। স্ত্রীসহ রোমান ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৮ আগস্ট রাত ৮ টার দিকে তেজাগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়ার ৩/৪১/১ বাসার ভাড়াটিয়া মো. সাইফুল ইসলাম ও সাথী আক্তার দম্পতির চার বছরের শিশু সন্তান তোয়াসিন ইসলাম সিমন অপহৃত হয়। এসময় শিশুটির মা রান্নাঘরে এবং বাবা বাসার বাইরে ছিলেন। ঘুমন্ত শিশুটিকে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। বাবা মা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তারা ওই রাতেই বিষয়টি পুলিশ ও স্বজনদের জানান। শিশুটির বাবা সাইফুল ইসলাম রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ২৮ ঘণ্টার চেষ্টায় শিশু সিমনকে উদ্ধার করে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বৃহস্পতিবার (৩০ আগস্ট) তার কার্যালয় সাংবাদিকদের জানান, প্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। অপহরণকারী রোমান শিশুটির পরিবারের প্রতিবেশী। সে মুক্তিপণ আদায় করতে নিজের প্রতিবেশির সন্তানকে অপহরণ করেছিল।

শিশুটিকে খুঁজতে তার বাবার সঙ্গে মাইকিং করে অপহরণকারী

শিশুটিকে খুঁজতে তার বাবা সাইফুল ২৮ আগস্ট রাতে এবং পরদিন (২৯ আগস্ট) সকালে পূর্ব নাখালপাড়ায় মাইকিং করেন। এসময় অপহরণকারী রোমানও তার সঙ্গে ছিল। শিশুটিকে খুঁজে পেতে রোমান ও তার স্ত্রী প্রথম থেকেই সহযোগিতা করে আসছিল। একারণে রোমান ও তার স্ত্রী সন্দেহের ঊর্ধ্বে ছিল। ২৯ আগস্ট বেলা ২টা ৩৫ মিনিটে শিশুটির বাবার মোবাইলে  একটি ফোন আসে। ফোনদাতা জানান, সিমন তাদের কাছে আছে। তাকে ফেরত নিতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। তখন শিশুটির বাবা তাকে জানান, তিনি টাকা দেবেন। এরপর পুলিশ বিষয়টি জানতে পেরে ওই মোবাইল নম্বরটি ট্র্যাকিং করে। তবে সিমটি মোবাইল থেকে খুলে রাখা হয়। যে মোবাইলে সিমটি ঢুকিয়ে ফোন দেওয়া হয়েছিল, সেটির আইএমই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পেয়ে যায় পুলিশ। সিম পরিবর্তন করে ওই মোবাইলটিতে অন্য সিম ব্যবহার করা হচ্ছে। পুলিশ নম্বর ট্র্যাকিং করে সাইফুলের প্রতিবেশি রোমানকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিজয় সরণীর পীর মা মসজিদ গলির একটি বাসা থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।এসময় শহীদুল ইসলাম মিয়া ও জিসান মিয়া নামে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী মহাখালী ও রামপুরা থেকে সাইফুল ইসলাম ইমন ও আলী আহম্মেদকে আটক করা হয়।

মুক্তিপণ চাইতে ম্যাজিক অ্যাপস ব্যবহার করে অপহরণকারীরা

অপহরণকারী রোমানের কণ্ঠ শিশুটির পরিবারের কাছে পরিচিত। তাই মোবাইলে ম্যাজিক অ্যাপ ডাউনলোড করে অপহরণকারীরা। যাতে তাদের কণ্ঠ চেনা না যায়। এরপর শিশুটির বাবার কাছে মুক্তিপণ চাওয়া হয়। তেজগাঁও বিভাগের ডিসি বলেন, ‘অপহরণের বিষয়ে রোমান নিজেই সিমনের বাবা সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেছে। এক্ষেত্রে ম্যাজিক ভয়েস নামে টুলস ব্যবহার করেছে অপহরণকারী। এতে করে কণ্ঠ বিকৃত হওয়ায় রোমানের কণ্ঠ শুনে তাকে চেনার উপায় ছিল না। তবে মুক্তিপণ চাইতে ব্যবহৃত ওই মোবাইলই কাল হয় রোমানের।’

উদ্ধারের প্রায় ১২ ঘণ্টা পর এখনও শিশু সিমন অচেতন রয়েছে। সে চোখ খুলতে পারছে না। ঘুমিয়ে আছে। তাকে তেজগাঁওয়ের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে। অপহরণকারীরা শিশু সিমনকে অপহরণের পর ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়, এরপর থেকে শিশুটি ঘুমাচ্ছে। বৃহস্পতিবার বিকালে সিমনকে তার বাবা সাইফুল ইসলামের কাঁধে অচেতন অবস্থায় দেখা গেছে। পুলিশ তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের হাতে গ্রেফতার অপহরণকারীরা

টাকার জন্যই অপহরণ

রোমান পুলিশকে জানিয়েছে,  টাকার জন্যই সে সিমনকে অপহরণ করে। অপহরণের পর শিশুটিকে বিজয় সরণী এলাকায় রেখে এসে সাইফুল ইসলামের সঙ্গে ছিল সে। এমনকি সে শিশুটির বাবাকে সান্ত্বনাও দিয়েছে।

ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটা প্রতীয়মান যে, আর্থিক কারণেই ওই শিশুকে অপহরণ করা হয়েছিল।’

অপহরণকারীদের বিরুদ্ধে মামলা

অপহরণকারীদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরে মধ্যে। তারা সংঘবদ্ধ হিসেবে এর আগেও কোনও অপহরণের কাজে জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটিকে যে বাসায় রাখা হয়েছিল, ওই বাসার নারীকে পাওয়া যায়নি। সে পলাতক রয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চক্রটির বয়স কম হলেও তারা কেউ লেখাপড়া করে না। বখাটে প্রকৃতির বলে জানিয়েছেন বিপ্লব কুমার।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিমনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং৪০)। ওই মামলায় সবাইকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হবে। আর অপহরণে সহযোগিতা করায় আরেক নারী সহযোগী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’

দুপুরে টাকা ধার, রাতে ছেলেকে অপহরণ

ঘরে কোনও বাজার সদায় নাই, তাই শিশুটির মা সাথী আক্তারের কাছ থেকে কাঁচাবাজারের জন্য ১০০ টাকা ধার নেয় রোমানের স্ত্রী মীম আক্তার রিয়া। এরপর রাতেই তার ছেলেকে অপহরণ করা হয় বলে জানান শিশুটির মা সাথী। তিনি বলেন, ‘আমার স্বামী সাইফুল একটি পত্রিকা অফিসে কাজ করেন। তিনি বেশিরভাগ সময় বাইরেই থাকেন। আমরা পূর্ব নাখালপাড়ার ওই বাসায় তিনদিন আগে ভাড়ায় এসেছি। রোমান ও মীমের কয়েকমাস আগে বিয়ে হয়েছে, তারা বাড়ি থেকে পালিয়ে এসে এখানে ভাড়া থাকে। ২৮ আগস্ট দুপুরে মীম আমার কাছ থেকে ১০০ টাকা ধার নেয়। এরপর রাতে তার স্বামী আমার ছেলেটাকে অপহরণ করে।’

শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার ছগরিয়া পাড়া এলাকায়। তার একমাত্র সন্তান সিমন। তিনি বলেন, ‘আমি জীবনে এই প্রথম পুলিশের কাছে আসছি। গত ২৮ ঘণ্টা আমি উদ্বিগ্ন ছিলাম। প্রতিবেশি এমন হতে পারে, তা কখনও ভাবিনি।’

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম