সিকিউরিটি সার্ভিসের নামে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচারকালে ছয় মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগে পুলিশের ওয়ারী বিভাগের ডিসি কার্যালয়ের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সাজেদুর সাজ্জাদ (৪২), হাবিবুর শামীম (৪৫), ইউনুস মণ্ডল (৫০), জেসমিন (৩২) ইমরান (৩০) ও সিফাত (১৮)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ এসআইএসএস (SISS) সিকিউরিটি সার্ভিসের ইউনিফর্ম, ক্যাপ, রিফ্লেক্টিং বেল্ট ও নেম ব্যাজ জব্দ করা হয়।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত এসপি মো. মহিউদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, এসআইএসএস (SISS) নামে ভুয়া সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের ব্যানারে দীর্ঘদিন ধরে মাদক পাচার হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটিকে গ্রেফতার করেছি।
তিনি বলেন, মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে প্রত্যেকের শরীরের অ্যাংলেটের ভেতরে ২ হাজার পিস করে ১২ হাজার পিস এবং মাইক্রোবাসের ভেতরে ডান পাশের কাভারে লুকিয়ে রাখা ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, কিছুদিন পরপর এই চক্রের সদস্যরা টেকনাফে যেত। ভুয়া সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আসার সময় ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতো। আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ইউনিট যাতে সন্দেহ করতে না পারে সেজন্য সিকিউরিটি সার্ভিসের সিলযুক্ত মাইক্রোবাসে করে প্রতিষ্ঠানের পোশাক পরে তারা ইয়াবা ট্যাবলেট আনতো। প্রাথমিকভাবে তারা মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।








