ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সোমবার (৩ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এ সম্মেলন চলবে আগামী শনিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত।
সোমবার নয়াদিল্লি থেকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সোমবার নয়াদিল্লিতে স্থানীয় সময় বিকাল ৪টায় শুরু হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসির (Major General Md Shafeenul Islam, ndc, psc) নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে যোগ দিয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন।
অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছে। এতে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফ্রন্টিয়ার আইজি, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। একইসঙ্গে সীমান্ত সম্মেলন উপলক্ষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবারকল্যাণ সমিতির (সীপকস) সভানেত্রী সোমা ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ভারত যাবে। সীপকস প্রতিনিধিদল বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে।
এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হতাহত, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরকদ্রব্য চোরাচালান, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাচালান, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার বা আটকের ঘটনা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা, জয়েন্ট রিট্রিট সেরিমনির ভেন্যুগুলোতে দর্শকদের জন্য সীমান্তের দুপাশে একই ধরনের গ্যালারি নির্মাণ, সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোন’-এর আওতা বৃদ্ধি, উভয় দেশের সীমান্ত নদীগুলোর তীর সংরক্ষণ ও পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ। ভারত সফরকালে বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সীমান্ত সম্মেলন উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৭ সেপ্টেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) সই হবে। সম্মেলন শেষে বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে।








