সিলেট জেলার বিয়ানীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল সম্ভাবনা ডট নিউজ (https://somvabona.news) উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই নিউজ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, ‘এই নিউজ পোর্টাল বিয়ানীবাজার ও সিলেটসহ সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া বিষয়ের সংবাদ মানুষের কাছে তুলে ধরবে। অনলাইনের মাধ্যমে সংবাদ পরিবেশন করে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’
শিক্ষামন্ত্রী পোর্টালের সাফল্য কামনা করে বলেন, ‘এই পোর্টালের মাধ্যমে বাংলাদেশের সব সম্ভাবনা আরও এগিয়ে যাবে।’ এই পত্রিকাটি সমাজের কল্যাণে ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের বিকল্প হচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাহিত্যচর্চা। শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর মাধ্যমে দেশের ২৫০টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩ লাখ বই দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ৬৩ লাখ বই। প্রতিটি বিদ্যালয়ে সহকারী লাইব্রেরিয়ান পদ সৃষ্টি করা হয়েছে।’
বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ, কালের কণ্ঠের চিফ রিপোর্টার আজিজুল পারভেজ, উৎস প্রকাশনীর প্রধান নির্বাহী মোস্তফা সেলিম এবং সম্ভাবনা ডট নিউজ-এর সম্পাদক মাছুম আহমেদ।








