সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিতে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে সদরঘাটের ৬ নম্বর পন্টুনের পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই যাত্রীকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌছেঁছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নদী পারাপারের সময় ছোট একটি নৌকাকে একটি লঞ্চ এসে ধাক্কা দিলে দুই যাত্রী পানিতে পড়ে যান।’
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ডুবুরি দল কাজ করছে। তবে ঘটনাস্থলে অনেক লঞ্চ চলাচল করার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এখনও পানিতে নামতে পারেনি।
সদরঘাটের ৬ নম্বর পন্টুনে থাকা লঞ্চগুলো সরিয়ে সেটি খালি করা হচ্ছে। সেখানে ডুবুরি নামানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।








