রাজধানীতে ফাহিম রাফি (১৯) নামে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত রাফি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। তার বাবা মনিরুজ্জামান টেলিটকের কর্মকর্তা। রাফি পরিবারের সঙ্গে দক্ষিণ বাসাবোর ১৪ নম্বর বাসার তৃতীয় তলায় থাকতেন।
রাফির বাবা মনিরুজ্জামান জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে রাফি বাসা থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে সর্বশেষ আমার সঙ্গে তার কথা হয় । ওই সময় রাফি জানায় যে সে হাতিরঝিল এলাকায় আছে। এর ১৫ মিনিট পর রাফির মোবাইল ফোন নম্বর থেকে আমার কাছে একটি কল আসে। অপরিচিত একজন জানায়, রাফি অচেতন অবস্থায় খিদমাহ হাসপাতালে ভর্তি রয়েছে। এমন খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই৷ সেখানে খিদমাহ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানায়, অচেতন অবস্থায় রাফিকে কেউ ভর্তি করেছে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতের থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের অন্য কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, 'কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি জানতে ইতিমধ্যে কাজ শুরু করেছি।'








