দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত যোগাযোগ মোবাইল বা টেলিফোনে করে না। কেবল লিখিতপত্রের মাধ্যমে এ ধরনের যোগাযোগ করা হয়। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুদকে অভিযোগ রয়েছে- এ কথা বলে সম্প্রতি একাধিক প্রতারক চক্র বিভিন্ন জনকে ফোন করে আর্থিক সুবিধা দাবি করেছে। এ ধরনের অভিযোগও পেয়েছে দুদক। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে। মোবাইল বা টেলিফোনে দুদকের নাম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে প্রতারকদের সম্পর্কে নিকটস্থ থানা, র্যা ব বা দুদক পরিচালককে (মনিটরিং) জানাতে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন নিজস্ব গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া তথ্যে অবগত হয়েছে, সিরাজুল হকসহ বিভিন্ন নামে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, ব্যাংক-বীমায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছে তাদের নামে কমিশনে অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দুর্নীতি দমন কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থায় কোনও ব্যক্তির একক অভিপ্রায়ে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া অথবা অভিযুক্ত হওয়ার কোনও আইনি সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সব ধরনের যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত যোগাযোগ কেবল লিখিতপত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কোনও প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই।’
প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমিশন এ ধরনের প্রতারকদের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। এ জাতীয় প্রতারকদের আইনের আওতায় আনার লক্ষ্যে এদের বিরুদ্ধে নিকটস্থ থানা অথবা র্যা ব কার্যালয় অথবা দুদকের পরিচালকের (মনিটরিং) সঙ্গে টেলিফোনে ৯৩৫২৫৫২ এবং মোবাইলে ০১৭১১৬৪৪৬৭৫ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’








