জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) একেএম আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ সেপ্টেম্বর) কমিশন থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, আসামি ফরিদা ইয়াসমিন এবং তার স্বামী বাপেক্সের জেনারেল ম্যানেজার একেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ৪০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে দুদকে মিথ্যা তথ্য দেওয়াসহ এককোটি আট লাখ ৪৩ হাজার ৭৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
মামলাটি তদন্ত করেছেন দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরীফ। তদন্ত চলাকালে আদালতের নির্দেশে জ্ঞাত আয়বহির্ভূত এককোটি আট লাখ ৪৩ হাজার ৭৫২ টাকার মধ্যে ৭৭ লাখ ৭০ হাজার ৮২৭ টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।








