রাজধানীর কাফরুলে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ চারজন হলেন আবু হেনা মোস্তফা বাবু (৩২), সানি আহমেদ (২৭), কামাল হোসেন (৩০) ও পলাশ (৩০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে জানান, দগ্ধ বাবু ও সানির অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনের অবস্থা ভালো। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা তাদের এক বন্ধু সাব্বির জানান, কাফরুল ইব্রাহিমপুর পুলপার মনা মিয়ার চায়ের দোকানে বসে তারা চা ও সিগারেট খাচ্ছিলেন। তাদের এক বন্ধু ধূমপান শেষে সিগারেটের শেষ অংশ ছুড়ে মারলে দোকানের পাশে নালায় গিয়ে পড়ে। এতেই সঙ্গে সঙ্গে ওই নালা থেকে আগুনের ফুলকি এসে চা দোকানে থাকা গ্যাসের সিলিন্ডারে এসে লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হয়। দ্রুত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
সাব্বির আরও জানান, ধারণা করা হচ্ছে, নালায় থাকা গ্যাস লাইন লিকেজ থেকে হয়তো আগুনের ফুলকি বের হয়েছে।








