হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের তল্লাশি পর আইনশৃঙ্খলা বাহিনী অথবা অন্য কোনও সংস্থা কোনও যাত্রীর মালামাল তল্লাশি করতে পারবে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।
জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে এক সভায় হয়। বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে অনুষ্ঠিত এই সভায় যাত্রীদের তল্লাশির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের তল্লাশি পর আইনশৃঙ্খলা বাহিনী অথবা অন্য কোনও সংস্থা কোনও যাত্রীর মালামাল তল্লাশি করতে পারবে না। সুনির্দিষ্ট তথ্য থাকলে কাস্টমস চেকিং পয়েন্টেই চেক করতে যাবে।
এ প্রসঙ্গে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, ‘বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ কমাতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত এই সিদ্ধান্ত সব সংস্থাকে জানানো হয়েছে। বিমানবন্দরের গ্রিন চ্যানেলেই যাত্রীদের তল্লাশি করবেন কাস্টমস কর্মকর্তারা। বিমানবন্দরের অন্য কোথাও তল্লাশি করা যাবে না। যদি কোনও তল্লাশির প্রয়োজন হয় বা তথ্য থাকে তবে সেটি গ্রিন চ্যানেলেই করতে হবে।’ একাধিক সংস্থার তল্লাশির ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। একারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।








