কোটা বহালের দাবিতে মু্ক্তিযোদ্ধা সন্তানরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় সেখানে ঢিলেঢালাভাবে যানবাহন চলাচল করছে। মোহাম্মদপুর থেকে পল্টনগামী যানবাহন সরাসরি শাহবাগ হয়ে চলাচল করছে না। এ রুটের যানবাহন শাহবাগে বাম লেন দিয়ে শেরাটন মোড় হয়ে মিন্টো রোড দিয়ে কাকরাইল হয়ে পল্টন যাচ্ছে।
এদিকে ফার্মগেট থেকে পল্টন ও মতিঝিলগামী যানবাহনও একই পথে অর্থাৎ শেরাটন মোড় থেকে মিন্টো রোড হয়ে কাকরাইল দিয়ে পল্টনে চলাচল করছে। ফলে এই রোডে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মতিঝিল ও পল্টন থেকে ফার্মগেট বা গাবতলীগামী যানবাহনগুলোকে দোয়েল চত্বর হয়ে নিউমার্কেট ও কাটাবন দিয়ে চলাচল করতে দেখা গেছে। এভাবে যান চলাচল করায় এসব সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
কতক্ষণ শাহবাগ মোড়ে অবস্থান করবেন জানতে চাইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের সন্তান গোলাম মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, 'রাজাকারের প্রেতাত্মারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়। আমাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বো না। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে সারাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের সন্তানরা ঢাকায় মহাসমাবেশ করবে।'








