বিএনপির বলয়ে একজন শেখ হাসিনা দরকার বলে দাবি করেছেন বিএনপিকে পুনর্গঠনের উদ্যোক্তা ‘আসল বিএনপি’র কামরুল হাসান নাসিম। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পথসভায় তিনি এই দাবি করেন।
নাসিম বলেন, ‘আমি অনেক বছর ধরে বলছি, রাজনৈতিক বলয়ের মধ্যে প্রতিপক্ষ দলের প্রধান আওয়ামী লীগ সভানেত্রী মন্দের ভালো নেতা। আমাদের বলয়ে একজন শেখ হাসিনা নেই। আমি চেয়েছি, আমাদের বলয়েও একজন শেখ হাসিনা দরকার। এই চাওয়াটাই আমার অন্যায়। তার মানে কী হয়? পরিবারতন্ত্রেরও জয় হয়।’
বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এমন দাবি করে নাসিম বলেন, ‘কয়েকদিন আগে আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম— কামরুল হাসান নাসিম ১১৫০ জন থেকে বাছাই করে ৩২০ জন প্রার্থী প্রস্তুত রেখেছে। কেউ যদি মনে করে থাকেন, একজন তারেক রহমানকে খুশি করতে আমরা নির্বাচনের রাস্তায় হাঁটবো না, তাহলে ভুল করবেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে একজন চাকরিজীবী উল্লেখ করে নাসিম বলেন, ‘মির্জা ফখরুল দুই জন বিশেষ ব্যক্তির চাকরি করেন। তিনি কোনও রাজনীতিবিদ নন। তার কাছে প্রেসক্রিপশন আসে, তিনি কথা বলেন।’
ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি একটি দারুণ ভূমিকা পালন করেন। বিএনপির ক্রান্তিকালীন সংকটের মধ্যে আপনি তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আপনি ৩০০ আসনের সবাইকে বলেন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে। কিন্তু আমি জানি তিনি বলবেন না। মা এবং পুত্রকে বাঁচাতে গিয়ে ওই ব্যারিস্টারের হাত ধরে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আপনারা করতে পারবেন না। আমি চার বছর ধরে বলছি, আসেন ঐক্য করেন। অনেক তো থ্রেট করেন— গুলি করবেন ও মেরে ফেলবেন। যদি মনে করে থাকেন, ওই অসৎ চরিত্রের শীর্ষ নেতৃত্বে আপনারা দেশ পরিচালনা করবেন— তাহলে কামরুল হাসান নাসিম এই পথসভা থেকে, কালকের সমাবেশে, পরের দিন নয়া পল্টন কার্যালয়ে, পরদিন গুলশান কার্যালয়ে আমরা গণতান্ত্রিক উপায়ে স্থায়ী কমিটিকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনর্গঠন করে ছাড়বো।’








