বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আজ বুধবার (১০ অক্টোবর) দুপুর থেকে শুরু করেছে মেডিক্যাল বোর্ড।
বিএসএমএমইউ-এর অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক আজ সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, আমাদের মেডিক্যাল বোর্ড আজ তাকে (খালেদা জিয়া) দেখেছে, তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেছে। আজ (বুধবার) দুপুর থেকেই তার চিকিৎসা শুরু হয়ে গেছে।
এর আগে বলা হয়েছিল তার চিকিৎসা শুরু করতে দুই সপ্তাহ সময় লাগবে। তাহলে আগেভাগে চিকিৎসা শুরুর কারণ কী এমন প্রশ্নের জবাবে বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ড দেখেছে, তার চিকিৎসা শুরু হয়েছে। এর বাইরে আমরা আজ আর কোনও প্রশ্নের উত্তর দেবো না।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৬ অক্টোবর থেকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার কারণে বিএসএমএমইউতে চিকিৎসা দেওয়ার ব্যাপারে আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়। এ জন্য অধ্যাপক ডা. এম এ জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে বিএসএমএমইউ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।








