বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম সাইদুর রহমান (৬৪)। তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) -এর জেসিও ছিলেন।
শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আবু হানিফ জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। কয়েদি হিসেবে তিনি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বন্দি নম্বর (২৬৪৭)।
সাইদুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদবপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিকালে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে বলেও জানান কারারক্ষী আবু হানিফ।








