হাইকোর্টে নতুন আইনজীবী অন্তর্ভুক্তির বিধান নিয়ে বিতর্ক

বাহাউদ্দিন ইমরান
১৪ অক্টোবর ২০১৮, ১০:০৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৪:০৫

সুপ্রিম কোর্ট

হাইকোর্টে নতুন আইনজীবী অন্তর্ভুক্তির জন্য করা নতুন একটি বিধান নিয়ে বিতর্ক ও বিভক্তি দেখা দেয়েছে আইনজীবীদের মধ্যে। অনেকে বিধানটিকে সমর্থন করলেও আইনজীবীদের একটি বড় অংশ মনে করেন নতুন নিয়মে ২৫ বছর নিম্ন (অধঃস্তন)আদালতে প্রাকটিস করার অভিজ্ঞতা থাকলে হাইকোর্টের আইনজীবী হিসেবে শুধু মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার নিয়মটি সঠিক হয়নি। এ কারণে সরকারের আনা নতুন এই সংশোধনীর গেজেটটি বাতিল চেয়ে প্রচার-প্রচারণাও চালাচ্ছেন তারা। 

আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার’স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ দ্বারা পরিচালিত হয়ে থাকে। সম্প্রতি আইনটির একটি বিধানে সরকার সংশোধনী এনেছে। বার কাউন্সিলের আগের বিধান অনুসারে নিম্ন আদালতে দুই বছর প্রাকটিসের পর হাইকোর্টের আইনজীবী হতে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো।  কিন্তু, সরকারের নতুন সংশোধনীতে বলা হচ্ছে, নিম্ন আদালতের আইনজীবীদের ২৫ বছরের প্রাকটিসের অভিজ্ঞতা থাকলে তাকে আর হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হলেই তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারবেন।

গেজেট

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে বাংলা ট্রিবিউনকে বলেন, জুডিশিয়াল অফিসার (বিচারক) থেকে আইনজীবী হিসেবে প্রাকটিস করতে চাইলে তাকে ১০ বছর বিচারক হিসেবে কাজ করতে হয়, তাই তার ক্ষেত্রে লিখিত পরীক্ষা না দিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে হাইকোর্টে অন্তর্ভুক্তির সুযোগ থাকে। কিন্তু আইনজীবীদের ক্ষেত্রে তা ২৫ বছর করায় এটা আইনজীবীদের প্রতি বৈষম্য হয়েছে। তাই আমি মনে করি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে নিম্ন আদালতে ১০ বছরের প্রাকটিসের অভিজ্ঞতা চাওয়া উচিত ছিল। তাছাড়া হাইকোর্টের লিখিত পরীক্ষা পদ্ধতি ও প্রশ্ন খুব একটা মেধাভিত্তিক হয় না। তাই এমন পরীক্ষা না দিতে আইনজীবীদের ২৫ বছরের অভিজ্ঞতা চাওয়ার বিষয়টি তুলনামূলক অবমাননাকর। ভারতের ক্ষেত্রে দেখেছি, কেউ অ্যাডভোকেট হলে তিনি হাইকোর্ট পর্যন্ত প্রাকটিসের সুযোগ পান। অথচ আমাদের এখানে শুধুমাত্র নিম্ন আদালত পর্যন্ত প্রাকটিসের সুযোগ দেওয়া হয়। আমি মনে করি এ পদ্ধতিরও প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার’স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪০ (৩) অনুচ্ছেদ অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে সরকার ওই সংশোধনী আনে। রুলসটির ৪০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, বার কাউন্সিল কোনও রুলস না করা পর্যন্ত এই অনুচ্ছেদের অধীনে সরকার অবশ্যই রুলস তৈরির ক্ষমতাপ্রাপ্ত হবে।

আর গত ৩০ জুলাই প্রকাশিত সরকারি গেজেটের নতুন রুলসে বলা হয়েছে, আইন বিষয়ে ডিগ্রিধারী কোনও ব্যক্তি বাংলাদেশের যে কোন নিম্ন আদালতে একাধারে ২৫ বছর আইন পেশায় নিয়োজিত থাকলে তাকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে লিখিত পরীক্ষা দিতে হবে না, তবে সংশ্লিষ্ট বোর্ডে ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে হবে।

সাধারণ আইনজীবীদের ব্যানার

তবে গেজেটটির বিষয়ে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, এই গেজেটটির দ্বারা বৈষম্য হচ্ছে- আমি তা বলতে রাজি নই। নিম্ন আদালত আর হাইকোর্টে প্রাকটিসের মধ্যে বেশ কিছু ভিন্নতা রয়েছে। তাই আমার মতে এটা এমন হওয়া উচিত ছিল যে- নিম্ন আদালতে পরীক্ষা দিয়ে প্রবেশের আগে যেমন ৬ মাস প্রাকটিস করার নিয়ম রয়েছে তেমনি হাইকোর্টেও প্রবেশের ক্ষেত্রে অন্তত পক্ষে তিন মাসের প্রাকটিসের সুবিধা রাখা প্রয়োজন ছিল। এই তিন মাসে তারা হাইকোর্টের নিয়ম-কানুন ভালো করে শিখতে পারতেন।  

রবিউল ইসলাম নামের এক আইনজীবী বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বার কাউন্সিলের সনদ পেয়ে আইন পেশায় নিযুক্ত হতে হয়। সেক্ষেত্রে ২৫ বছরের আইন পেশায় অভিজ্ঞতাসম্পন্নদের শুধুমাত্র মৌখিক পরীক্ষার দ্বারা হাইকোর্টে যুক্ত করাটা বৈষম্যের মধ্যে পড়ে। তাই এ বৈষম্য দূর করতে গেজেটটি বাতিল করতে হবে। নাহলে নিম্ন আদালত বা হাইকোর্টে প্রবেশের ক্ষেত্রে একই বিধান রাখতে হবে। 

এদিকে গেজেটটি নিয়ে বিতর্কের কথা স্বীকার করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। 

সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এ নিয়ে আমি এখনই মন্তব্য করতে চাই না। গেজেটটি বার কাউন্সিলে এসেছে। এখন এটি নিয়ে কী করণীয় হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী মাসে কাউন্সিলের সভা হবে, সেখানে বিষয়টি তোলা হবে। এর আগে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। 

 

 

বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম