সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার এজাহার গুলশান থানাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ অক্টোবর) মামলার বাদী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সুমনা আক্তার লিলির জবানবন্দি শুনানির পর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু ও ফারুক আহমেদ ।
মামলায় অভিযোগে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এ প্রচারিত টক শো ৭১ জার্নাল চলার সময় ব্যারিস্টার মঈনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন, আপনি বলেছেন, একজন নাগরিক হিসেবে উপস্থিত থাকেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেন, আপনি জামায়াতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন।’ মাসুদা ভাট্টির এই কথার জবাবে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করতে চাই।’ একজন নারীর প্রতি ব্যারিস্টার মইনুল হোসেনের এমন ইচ্ছাকৃত ধারাবাহিক কুৎসা রটনা ও আক্রমণাত্মক বক্তব্য মাসুদা ভাট্টি ও নারী জাতির প্রতি বিরক্তিকর, অপমানজনক, অপদস্থমূলক এবং হেয়প্রতিপন্নকর বলে বাদী মনে করেন। প্রকাশ্যে এ ধরনের বক্তব্য প্রকাশ করার কারণে মাসুদা ভাট্টি তথা নারী জাতির সম্মানহানি নিরসনকল্পে মইনুল হোসেন আজ পর্যন্ত প্রকাশ্যে কোনও ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেননি।








