নারায়ণগঞ্জে আড়াইহাজারের পাঁচরুখী এলাকা থেকে চার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় গঠিত এই কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিককে প্রধান করে গঠিত এই কমিটির অপর দুই সদস্য হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার (অপরাধ) তাইজুল ইসলাম। পুলিশ সদর দফতর সূত্রে এই তথ্য জানা গেছে।
এরআগে, গত ২১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফকির বাড়ির সামনে থেকে চার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে অজ্ঞাত হিসেবে তাদের লাশ উদ্ধার করা হলেও চার জনের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে তাদের সবাইকে বাসা থেকে একদিন আগে তুলে নেওয়া হয়েছিল। এমনকি ফারুক নামে নিহত এক ব্যক্তির স্ত্রী রাতে পাশের ভুলতা পুলিশ ফাঁড়িতে গিয়ে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে খাবারও দিয়ে এসেছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই এই হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের যোগসাজেশ থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলেন, মাইক্রোবাসচালক লুৎফর রহমান মোল্লা, বাসচালক ফারুক হোসেন, বেকারি শ্রমিক সবুজ সরদার ও জহিরুল ইসলাম।
ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠনের যে অফিস আদেশ জারি করা হয়েছে, তাতেও চার লাশ উদ্ধারের বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসন্ধান করার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চার লাশ উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এই মামলায় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ দেখানো হয়েছে।








