শুধু মেয়র ও গুটি কয়েক কর্মকর্তা-কর্মচারীর পক্ষে একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর উপহার দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘নাগরিকদের একটু সচেতনতাই পারে পরিচ্ছন্ন শহর গড়তে। আমি একা মেয়র কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিয়ে এই শহর পুরোপুরি পরিচ্ছন্ন রাখতে পারবো না। এ জন্য দরকার নাগরিকদের সহযোগিতা।’
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের নবনির্মিত ১২ তলা ভবনের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘মেয়র হিসেবে আমি যেভাবে চেষ্টা করছি, সেভাবে নাগরিকরা যদি নিজেদের আঙিনা ও আশপাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন তাহলেই একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে উঠবে। পরিচ্ছন্ন নগরীরর জন্য প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে।’
মেয়র বলেন, ‘নিরাপদ সড়কের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেপরোয়া ও পুরোনো গাড়ি তুলে দিয়ে নতুন বাস নামানোর মাধ্যেমে আমরা রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। এজন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা মাফিক আমরা কাজ করছি। আশা করি, আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো।’ এজন্য তিনি নগরবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান।
এছাড়া ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেন সাঈদ খোকন। পাশাপাশি এয়ার ফোন কানে দিয়ে রাস্তায় চলাচলা না করারও অনুরোধ জানান তিনি।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। কারণ দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের কোনও বিকল্প নেই।’
এর আগে হাবীবুল্লাহ বাহার কলেজের নবনির্মিত ১২ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন মেয়র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কলেজের গভর্নিং বডির সভাপতি এস এম বাহালুল মজনুন চুন্নু, সদস্য খালেক মাহমুদ ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ আবু বকর চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।








