মানবতার চর্চাই আমাদের সমৃদ্ধ করে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন অন্যতম সংবিধানপ্রণেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল-ইসলাম।
রবিবার সন্ধ্যায় (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এম. আমীর-উল-ইসলাম বলেন, ‘মানবতার চর্চাই আমাদের মানুষদের সমৃদ্ধ করে গড়ে তুলবে। তাই আমাদের মানবতার চর্চা বাড়াতে হবে। একইসঙ্গে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। তাহলেই খুলনা বিভাগের অন্যতম প্রষিদ্ধ ব্যক্তিত্ব হযরত খানজাহান আলী (র.), বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহের মতো আমরা আমাদের বিভাগের সুনাম আরও বৃদ্ধি করতে সক্ষম হবো।’
তিনি বলেন, ‘আমাদের আইনজীবীদের মধ্যে বন্ধন বজায় রাখলে আমরা আমাদের দেশ, আইনাঙ্গনসহ সব জায়গাতেই আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে সফল হবো। এ জন্য আমাদের একত্রিত থাকার মানসিকতা সব সময়ই ধারণ করতে হবে।’
সংগঠনের সভাপতি আইনজীবী শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি আশিষ রঞ্জন দাস, বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী শেখ আহছাফুর রহমান বুলু, এম. কামরুল হক সিদ্দিকী প্রমুখ।
সংসদ অধিবেশন থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।








