রাজধানীর সবুজবাগ এলাকা থেকে রাশেদ (৩০) নামে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় সিএনজি চালক। বুধবার (৩১ অক্টোবর) ভোরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
রাশেদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, দক্ষিণগাঁও বেগুনবাড়ী এলাকার একটি খালি জায়গা থেকে রাশেদের জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, গত রাতে কোনও এক সময় দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে ফেলে যায়। রাশেদ পেশায় সিএনজি চালক ছিলেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।








