রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম (২৫) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বের) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ইব্রাহিম ভোলার উত্তর মঙ্গল গ্রামের আলী আহামদের ছেলে।
ঢাকা রেলওয়ে কমলাপুর থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. রবি উল্লাহ জানান, গুরুতর আহত অবস্থায় পথচারীরা ইব্রাহিমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, বিকাল ৩টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রবি উল্লাহ বলেন, ‘ঘটনার সময় ইব্রাহিম মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ঢাকা ছেড়ে যাওয়া তিতাস এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।’








