বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রবিবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়েছে।
অবস্থান ধর্মঘটে সাদা দলের আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র আজ ধ্বংস। বাক-স্বাধীনতা হরণ করেছে অনেক আগেই। দেশের মানুষ যাতে কথা বলতে না পারে, সেজন্য ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ পাস করেছে। সম্প্রতি ‘সম্প্রচার নীতিমালা ২০১৮’ প্রকাশের মধ্য দিয়ে দমননীতির শেষ পেরেকটিও মেরে দিয়েছে সরকার।’
তিনি বলেন, ‘সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মেনে নিন। খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশে কোনও নির্বাচন হবে না।’
সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর আমরা আস্থা রাখতে চাই, কিন্তু বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর যে আস্থা রাখা যায় না, সেটা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। সাবেক বিচারপতি এসকে সিনহার প্রতি যে অবিচার করা হয়েছে, তিনি তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন।’
অবস্থান ধর্মঘট সাদা দলের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমানের কর্মসূচিতে অধ্যাপক ড. মামুন আহমেদ, সুকমল বড়ুয়া, মাহফুজুল হক, জসীম উদ্দীন, হাসানুজ্জামানসহ প্রমুখ বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন।








