রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দায় বিদ্যুৎস্পৃষ্টে মোছাম্মাদ নুরুন্নাহার বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৈদ্যুতিক তারে আটকে যাওয়া নাতনির ঘুড়ি আনতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সোমবার (৫ নভেম্বর) বিকেলে নারিন্দার শরৎগুপ্ত রোডের ভবনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুন্নাহার নড়াইলের লক্ষ্মীপাশা থানার নোয়াগ্রা গ্রামের মো. ইয়াকুব আলী বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের মা।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে নুরুন্নাহার বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
নুরুন্নাহার বেগমের ভাগ্নি মোছা. সুমা জানান, বিকেল পাঁচটার দিকে তার নাতনি মুনের ঘুড়ি চার তলার বারান্দার বাইরের বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে যায়। বারান্দা থেকে লাঠি দিয়ে সেটি পাড়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সুমা জানান, নুরুন্নাহার বেগম নারিন্দার ১৪ নং শরৎগুপ্ত রোডের চারতলার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।








