শিশু আইন লঙ্ঘন করে পত্রিকায় শিশুর পরিচয়সহ সংবাদ পরিবেশন করায় ইংরেজি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশু আইন-২০১৩ এর ২৮ ধারা অনুযায়ী, শিশু অপরাধীর নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচয় সংবাদপত্র, ম্যাগাজিনসহ যেকোনও সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৯ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইন মন্ত্রণালয়ের সচিব, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, আইন-আদালত-মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘শিশু আইন-২০১৩ এর ২৮ ধারা অনুযায়ী, ইচ্ছে করলেই কোনও সংবাদমাধ্যম বা কেউ শিশু অপরাধী বা বিচারের সঙ্গে সংশ্লিষ্ট কোনও শিশুর নাম, ঠিকানা, ছবি ও তার পরিচিতি প্রচার বা প্রকাশ করতে পারবে না। এমন কোনও বর্ণনা প্রচার-প্রকাশ করা যাবে না, যাতে শিশু অপরাধী বা বিচারের সঙ্গে সংশ্লিষ্ট শিশুটির পরিচয় স্পষ্ট হয়ে ওঠে।
কিন্তু গত ৫ নভেম্বর, ইংরেজি দৈনিক ডেইলি স্টার ‘বয় গেটস টেন ইয়ার্স ফর কিলিং ক্লাসমেটস’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। সে খবরে শিশু অপরাধীর পরিচয় প্রকাশ করা হয়েছে, যা স্পষ্টত শিশু আইন-২০১৩ এর ২৮ ধারার লঙ্ঘন। তাই এ বিষয়ে হাইকোর্টে গত ১৮ নভেম্বর রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।’
প্রসঙ্গত, শিশু আইন-২০১৩ এর ‘শিশু-আদালতের কার্যক্রমের গোপনীয়তা’ শিরোনামে ২৮ ধারায় বলা হয়েছে, (১) ‘শিশু-আদালতে বিচারাধীন কোনও মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোনও শিশুর ছবি বা এমন কোনও বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম অথবা ইন্টারনেটে প্রকাশ বা প্রচার করা যাবে না যা সংশ্লিষ্ট শিশুকে শনাক্ত করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে।’
(২) উপ-ধারা (১) এ ‘যা কিছুই থাকুক না কেন, শিশুর ছবি, বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রকাশ করা শিশুর স্বার্থের জন্য ক্ষতিকর হবে না মর্মে শিশু-আদালতের কাছে প্রতীয়মান হলে আদালত সংশ্লিষ্ট শিশুর ছবি, বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রকাশের অনুমতি প্রদান করতে পারবে।’








