রাজধানীর মিরপুর ১-এর পাখিরহাট থেকে ৯৭টি দেশীয় বন্যপাখি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে। উদ্ধার করা পাখিগুলো পরে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট জানিয়েছে, উদ্ধার করা পাখিগুলোর মধ্যে ৫৬টি মুনিয়া, ১৫টি শালিক, ১০টি টিয়া, ৩টি কাঠবিড়ালি ও ১৩টি ঘুঘু রয়েছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী উত্তরাঞ্চলের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে এসব পাখি বিক্রি করার উদ্দেশ্যে ধরে এনেছিল।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা মিরপুর ১-এর পাখিরহাটে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধা করি। আইন অনুযায়ী সব ধরনের বন্যপাখি ধরা এবং লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া পাখিগুলোকে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে অবমুক্ত করা হবে।’








