রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার পারভেজ ঠিকাদারের বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলো— রিপা আক্তার (২০), তার ছেলে রাফসান (২) এবং খালা শারমিন আক্তার (২২)। বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, এদের মধ্যে শিশুটি সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মা রিপা আক্তারের শরীরের ১০ শতাংশ এবং খালা শারমিনের শরীরের দুই শতাংশ দগ্ধ হয়েছে।
রিপার বাবা নান্নু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে বাড়িতে থাকা তিনজন দগ্ধ হয়।’








