রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (২৫ নভেম্বর ) মামলা দুটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন নতুন তারিখ ধার্য করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে লেক সার্কাসের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।
মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।








