জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ভোট পদ্ধতিকে সংবিধানসম্মত বলে আইনমন্ত্রী আনিসুল হক জনগণকে ধোঁকা দেওয়ার মতো বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রবিবার (২৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘ইভিএম নিয়ে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আমরা প্রত্যাশা করিনি। কেননা ইভিএম ভোট পদ্ধতির কথা সংবিধানের কোথাও বলা নেই। তারা যদি সংসদে থাকাকালে ইভিএম নিয়ে সংশোধনী আনতেন তাহলে আমরা এই আপত্তি তুলতাম না। কিন্তু তারা সেটা করেননি। যেখানে পৃথিবীর অন্যান্য দেশ ইভিএম ভোট পদ্ধতি থেকে সরে এসেছে সেখানে আমাদের দেশে ইভিএম ব্যবহার সংবিধানসম্মত নয়। তাই আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের এই পদ্ধতি বাতিল করার দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘গতকাল রবিবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে একটি বৈঠক হয়েছে। যেখানে আগের নির্বাচনগুলোতে ম্যাজিস্ট্রেটরা একটি দলের ব্যালটে জাল ভোট দেওয়ার সময় তাদের হাতেনাতে ধরেছেন এবং সাজা দিয়েছেন। সেখানে আগামী নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের ভোটকেন্দ্রের ভেতর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা দুঃখজনক। এর ফলে ম্যাজিস্ট্রেটরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে।’
গণমাধ্যমকর্মীদের প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘সাংবাদিকদের ওপর এখনও আমাদের তথ্য নির্ভারশীলতা রয়েছে। তাই তাদের ভোটকেন্দ্রে প্রবেশের অবাধ সুযোগ দিতে হবে।’
জয়নুল আবেদীন নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গতকাল রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে সরকারের কয়েকজন কর্মকর্তা বসে বৈঠক করেন এই সরকারকে আবার ক্ষমতা আনতে এবং নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করেছেন। আমরা দাবি করছি, অনতিবিলম্বে জনগণের ভোটাধিকার বানচালে ষড়যন্ত্রকারী ওইসব কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।’
সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সিনিয়র সহ সম্পাদক কাজী মো.জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল আলম মাহবুব, আহসান উল্লাহ, মেহেদী হাসান, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।








