যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত টিপু সুলতানের স্ত্রী জেসমিন আরা বেগম ও ছেলে হুমায়ুন সুলতান সাদাফকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডা. শামারুখ মাহজাবিনের বাবা নুরুল ইসলাম। রবিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়নের চিঠি দেওয়ার পর ফেসবুকে এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
প্রয়াত এমপি খান টিপু সুলতানের পুত্রবধূ ছিলেন ডা. শামারুখ মাহজাবিন সুমি। ২০১৪ সালের নভেম্বর মাসে টিপু সুলতানের বাসায় রহস্যজনক মৃত্যু হয় মাহজাবিনের। এমপির পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা দাবি করা হয়। তবে সুমির বাবা অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
ফেসবুক স্ট্যাটাসে আবেগ দিয়ে মাহজাবিনের বাবা নুরুল ইসলাম লেখেন, 'মা মরা মেয়েটি সপ্তম আসমানে তারা হয়ে আজ হাসছে। আল্লাহ রাব্বুল আল-আমিন সত্য এবং তা প্রতিষ্ঠিত। অসহায় সন্তান হারা পিতার কান্না যে রোজ হাসরে পৌঁছে যায় আবারও তা প্রমাণিত।’
স্ট্যাটাসে বাবা অভিযোগ করেন, তার মেয়ের হত্যার সঙ্গে জড়িত সাবেক এমপি টিপুর স্ত্রী ও ছেলে মনোনয়ন প্রত্যাশা করেছিলো। তবে এটা ছেলের হাতের মোয়া নয় যে, ইচ্ছা করলেই পাওয়া যায়। শেখ হাসিনা তাদের এই চাওয়াকে চপেটাঘাত করেছেন। তিনি বাবু স্বপন ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় এবং তিনি যেন আবারও ক্ষমতায় আসেন সে জন্য দোয়া করি।








