প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে ১০ বছরের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত হলো ‘বাংলাদেশ: অগ্রগতি ও উন্নয়নের দশ বছর (২০০৯-২০১৮)’ শীর্ষক সংকলন।
এই সংকলনে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের উৎপাদনক্ষমতা প্রায় ২০ হাজার ৪৩০ মেগাওয়াটে উন্নীতকরণ; জাতীয় প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশে উন্নীতকরণ; ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমানা নিয়ে বিরোধের নিষ্পত্তি; প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন; মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ; কৃষকদের জন্য কৃষিকার্ড ও ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা; বিনা জামানতে বর্গাচাষিদের ঋণ দেওয়া; চিকিৎসাসেবার জন্য সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কম্যুনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন; দারিদ্র্যের হার ২০০৫-০৬ সালের ৪১ দশমিক ৫ থেকে ২০১৭-২০১৮ বছরে ২১ শতাংশে হ্রাস; ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়; মাথাপিছু আয় ১ হাজার ৭৫১ ডলারে উন্নীতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মেগাপ্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
এছাড়া শেখ হাসিনার সরকারের দশ বছরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ফোরামে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্যবিমোচন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ সোচ্চার ভূমিকা পালন, মানবতাবিরোধী অপরাধ ও বঙ্গবন্ধু হত্যাসহ বিভিন্ন নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ', এমডিজি ও সাউথ-সাউথ পুরস্কার, ইউনেস্কো কর্তৃক 'শান্তিবৃক্ষ', এজেন্ট অব চেঞ্জ, প্লানেট ৫০-৫০, গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ও আপিএস-এর ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ বহুসংখ্যক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হওয়ার বিষয়ও তুলে ধরা হয়েছে।
এই সংকলনে আরও রাখা হয়েছে, বিএনপি-জামায়াত সরকার ও বর্তমান সরকারের সময় কয়েকটি সূচকের তুলনামূলক চিত্র।
এই সংকলনের জন্য তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণলায় ও বিভাগ থেকে। বইটির প্রধান সম্পাদক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম। গ্রন্থনা ও সম্পাদনায় রয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেস সচিব নজরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুন অর রশিদ ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের উদ্যোগে সংকলনটি প্রকাশ করেছে ‘জিনিয়াস পাবলিকেসন্স’। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।








